দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদ বাণিজ্য, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতাকর্মী। ত্যাগী নেতাদের অবমূল্যায়নের প্রতিবাদেও তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কমিটির দফতর সম্পাদক পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে।
পদত্যাগী দফতর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, ‘দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। বিষয়টি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে জানানো হবে।’
সহসাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, ‘আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ।’
তিনি আরও বলেন, রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন।
পদত্যাগীদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস, যুগ্ম সদস্যসচিব মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর।
এ ছাড়া দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ মো. নুরুদ্দীন, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন এবং সদস্য মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরীও পদত্যাগ করেছেন।
এমএস/